কুমিল্লার চান্দিনায় গলায় ফাঁস দিয়ে লিপি আক্তার (২৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।

রোববার (১৯ মার্চ) সকালে চান্দিনা উপজেলার এতবারপুর গ্রামে এ ঘটনা ঘটে।

লিপি আক্তার কুমিল্লার মুরাদনগর উপজেলার লাজৈর গ্রামের শরীফ হোসেনের স্ত্রী। শরীফ হোসেন স্ত্রী ও সাত বছরের ছেলে আবু সুফিয়ানকে নিয়ে চান্দিনার এতবারপুর গ্রামের নূরুল ইসলামের বাড়িতে ভাড়া থেকে নির্মাণশ্রমিকের কাজ করেন।

জানা গেছে, রোববার সকালে শরীফ হোসেন কাজে বের হওয়ার পর রান্না ঘরে খাবার তৈরি করছিলেন লিপি আক্তার। সকাল সাড়ে ৯টার দিকে পাশের বাড়ি এক ব্যক্তি রান্না ঘরে এসে লিপি আক্তারকে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলতে দেখে চিৎকার করেন। খবর পেয়ে চান্দিনা থানা পুলিশ লাশ উদ্ধার করে।

চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সাহাবুদ্দীন খাঁন জানান, ‘স্বামী-স্ত্রীর মধ্যে তুচ্ছ ঘটনায় জের ধরে অভিমান করে আত্মহত্যা করেছেন তিনি। আমরা ময়নাতদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।’