‘মাছ গোশত খাওয়া ছেড়ে দিয়েছি। শেষ কবে গরুর গোশত খেয়েছি মনে পড়ে না। ৮০০ টাকা গরুর গোশতের কেজি, ব্রয়লার মুরগি ২৫০ টাকা ও কক মুরগি ৩৩০-৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। আমাদের মতো গরিব মানুষ রমজানে কিভাবে রোজা রাখবে? কিছু বলতে গেলেও মনে হয় কেউ গলা টিপে ধরেছে। কথা বের হয় না, কার কাছে বলব। হোটেল বয়ের কাজ করে মাসে পাই সাত হাজার টাকা। স্ত্রী আর দুই সন্তান নিয়ে ভাড়া বাসায় থাকি। আমি দুই-একবেলা হোটেলে ভালোমন্দ খেতে পারি, স্ত্রী ও সন্তানরাতো তা চোখে দেখে না। কথাগুলো বললেন রামগঞ্জ বাজারে তরকারি কিনতে আসা এক ক্রেতা।
রোববার সকালে রামগঞ্জ কাঁচাবাজারে গিয়ে দেখা যায়, কচুর লতি ১০০ টাকা, ঢেঁড়শ ৮০, পটোল ৮০, চিচিঙ্গা ৫০, কুমড়া প্রতি কেজি ৩০ টাকা, টমেটো ২৫ টাকা, ঝিঙ্গা ৬০, কাঁচামরিচ ৮০ টাকা, বেগুন ৫০, পাতাকপি ৩০, করোলা ১০০ টাকা, শসা ৫০, গাজর ৪০, বরবটি ৮০, ধনেপাতা ১০০ টাকা, তেলাপিয়া মাছ ২৫০ টাকা, বড় কাতল মাছ ৩৭০ টাকা, গরুর গোশত হাঁড় ছাড়া ৮০০ টাকা, হাঁড়সহ ৭৫০ টাকা, ব্রয়লার মুরগি ২৫০ টাকা ও কক মুরগি ৩৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।