চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি ইউনিয়নের জন্ম নিবন্ধনের সার্ভার হ্যাক করে অর্ধশতাধিক জন্ম নিবন্ধন করে নিয়েছে হ্যাকাররা। উপজেলার ছলিমপুর ইউনিয়ন পরিষদের সার্ভারে হ্যাকাররা এ পর্যন্ত ১৬৭টি জন্ম নিবন্ধন ইস্যু করেছে। পরে বিষয়টি জানতে পেরে ইউপি চেয়ারম্যান সালাহ উদ্দিন আজিজ সীতাকুণ্ড মডেল থানায় জিডির পাশাপাশি উপজেলা নির্বাহী কর্মকর্তার দফতরে বিষয়টি লিখিতভাবে জানান। এ ছাড়া স্থানীয় সরকার বিভাগের জন্মমৃত্যু নিবন্ধন রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের রেজিস্টার জেনারেলকেও গত বৃহস্পতিবার (১৬ মার্চ) লিখিতভাবে বিষয়টি জানানো হয়েছে।
ছলিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন আজিজ বলেন, জানুয়ারির শেষের দিকে ১৮দিন নিবন্ধন সার্ভার কাজ করেনি। অনেক সময় নেটের সমস্যার কারণেও ওই সার্ভারে কাজ বিলম্বিত হয়ে থাকে। কিন্তু এরকম ১৬৭টি নিবন্ধন কিভাবে করেছে তা বলা যাচ্ছে না।