মানিকগঞ্জের সিংগাইর উপজেলার স্কুলছাত্রী ধর্ষণের মামলায় রুহুল (১৭) নামে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ মার্চ) তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রুহুল উপজেলার মানিকনগর গ্রামের টুকু বেপারীর ছেলে।
ভিকটিমের পৈত্রিক বাড়ি রংপুর হলেও প্রায় দু’বছর ধরে সিংগাইর উপজেলার মাধবপুর গ্রামে পরিবারের সাথে ভাড়া বাসায় থাকে।
মামলা সূত্রে জানা গেছে, ভিকটিম ১৬ মার্চ রাত সাড়ে ১০টার দিকে মাধবপুর গ্রামের হালিম বেপারীর মাঠে ওয়াজ মাহফিল শুনে বাড়ি ফিরছিল। এ সময় রুহুল তার বন্ধু সবুজ, রোমান ও মহসিনের সহায়তায় তাকে বাঁশ-বাগানে নিয়ে ধর্ষণ করেন। ভিকটিমের চিৎকারে তার খালা তাকে উদ্ধার করেন। এ সময় ধর্ষক ও তার সহযোগীরা পালিয়ে যান।
জানা গেছে, ঘটনাটি স্থানীয়ভাবে কয়েক দফায় মিমাংসার চেষ্টা করা হয়। ভিকটিমের পরিবারের পক্ষ থেকে বিয়ের দাবি জানালেও রুহুলের পরিবার তা প্রত্যাখ্যান করে। সোমবার রাতে চারজনকে আসামি করে মামলা করেন ভিকটিমের বাবা।
মামলার তদন্ত কর্মকর্তা ও সিংগাইর থানার শান্তিপুর (বাঘুলি) তদন্ত কেন্দ্রের এসআই আবদুস ছালাম বলেন, মুল আসামিকে গ্রেফতার করা হয়েছে। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষা শেষে ২২ ধারায় জবানবন্দির জন্য আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামি গ্রেফতারের জোর চেষ্টা চলছে।



