নরসিংদীর পলাশে প্রেমিকাকে ডেকে নিয়ে কলাবাগানে পালাক্রমে ধর্ষণের অভিযোগে প্রেমিক আজিজুর রহমান মোল্লাকে (১৮) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার চরসিন্দুর ইউনিয়নের চলানা গ্রাম থেকে তাকে গ্রেফতার করে পলাশ থানা পুলিশ। গ্রেফতার হওয়া আজিজুর রহমান মোল্লা চরসিন্দুর ইউনিয়নের চলানা মধ্যপাড়া এলাকার রহিম উদ্দিন মোল্লার ছেলে। সে পলাশ থানা সেন্ট্রাল কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী। অন্য দিকে নির্যাতিত কিশোরী (১৬) নরসিংদীর কাদির মোল্লা টেক্সটাইলে শ্রমিকের কাজ করত। বুধবার নির্যাতিত কিশোরীর বাবা বাদি হয়ে আজিজুর রহমান মোল্লা ও একই এলাকার কামাল প্রধানের ছেলে ইয়াছিনকে (৩০) আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে পলাশ থানায় একটি মামলা দায়ের করেন।
নির্যাতিতা কিশোরীর বাবা জানান, প্রায় তিন মাস আগে একটি বিয়ের অনুষ্ঠানে আমার মেয়ের সাথে আজিজুলের পরিচয় হয়। পরে তাদের দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
মাঝে মধ্যে তারা একে অপরের সাথে সাক্ষাৎ করত। গত ১০ মার্চ শুক্রবার বিকেলে আমার মেয়ে শিবপুরের বরইতলা এলাকায় আজিজুলের সাথে দেখা করতে যায়। এ সময় আজিজুল তাকে অটোরিকশায় করে পলাশের চলানা গ্রামে নিয়ে যায়। সেখানে আগে থেকেই একই গ্রামের ইয়াছিন প্রধান নামে এক যুবক অবস্থান করছিল। পরে আমার মেয়েকে মঞ্জু শেখ নামে একজনের কলাক্ষেতের ভেতরে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে তারা পালিয়ে যায়। পরে আমার মেয়ে লোকলজ্জার ভয়ে কাউকে কিছু না জানিয়ে বাড়িতে এসে চুপচাপ থাকে। একপর্যায়ে তার মায়ের কাছে ধর্ষণের ঘটনা খুলে বলার পর থানায় এসে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করি।
পলাশ থানার এসআই আবদুল্লাহ আল মামুন বলেন, মামলা দায়েরের পর অভিযান চালিয়ে আজিজুর রহমানকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্য আসামিকে গ্রেফতারের অভিযান চলছে। এ ছাড়া নির্যাতিত কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।



