জামালপুরের ইসলামপুরের ধর্মকুড়া বাজার থেকে বেলগাছা জারুলতলা বাজার সড়কের দেলি খালের ওপর সেতুর রেলিং ভেঙ্গে পড়ায় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে । এতে খুব শঙ্কার মধ্যে পড়েছেন সড়কে চলাচলকারী হাজার হাজার যাত্রী ও শত শত গাড়ি চালক।
জানা যায়, প্রায় ১০ বছর আগে চার কোটির বেশি টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সেতুটি নির্মাণ করে। এতে ইসলামপুরের ধর্মকুড়া বাজার থেকে জারুলতলা বাজার, কুলকান্দী বাজার ও গুঠাইলের সাথে সরাসরি যোগাযোগ স্থাপিত হয়। এতে বেলগাছা, কুলকান্দী, চিনাডুলী ও পার্থশী ইউনিয়নের দুই লক্ষাধিক মানুষের চলাচলের সুযোগ সৃষ্টি হয়। কিন্তু বুধবার হঠাৎ আপনা আপনি সেতুটি ভেঙ্গে পড়ে।
এলাকাবাসী বলেন, হঠাৎ করে সেতুর রেলিং ভেঙ্গে পড়ায় আমরা আতঙ্কের মধ্যে আছি। এখানে বড় ধরনের কোনো দুর্ঘটনাও ঘটতে পারে বলে আশংঙ্কা করছি।
এ ব্যাপারে ইসলামপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মুহাম্মদ আমিনুল হকের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে শনিবার সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।