গাজীপুরের কালীগঞ্জে পুকুর থেকে অজ্ঞাত এক মেয়ে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
শনিবার (২৫ মার্চ) বিকেলে জামালপুর ইউনিয়নের মেন্দিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়-সংলগ্ন পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
থানা সূত্রে জানা যায়, উপজেলার একটি লাশ প্লাস্টিকের হলুদ বস্তায় বন্দি অবস্থায় ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। উদ্ধার করা লাশটি একটি মেয়ে শিশুর, বয়স আনুমানিক আট বছর।
কালীগঞ্জ থানার এসআই ফজলুল হক জানান, লাশটি একটি মেয়ে শিশুর। লাশটির পরনে ছিল লাল রঙের হাফ প্যান্ট ও লাল প্রিন্টের জামা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুষ্কৃতকারীরা অজ্ঞাত শিশুটিকে চার-পাঁচদিন আগে হত্যা করে বস্তায় ভরে পুকুরে ফেলে দেয়। লাশটি ফুলে যাওয়ায় পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
তিনি আরো বলেন, গাজীপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ময়নাতদন্তের জন্য লাশটি সন্ধ্যায় শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন আছে।



