গাজীপুর সিটি করপোরেশনের মেয়র (ভারপ্রাপ্ত) মো: আসাদুর রহমান কিরণ বলেছেন, গাজীপুর সিটির মাস্টার প্ল্যানের কাজ চলছে। এ জন্য ইতোপূর্বে এক্সেস এশিয়া নামের একটি প্রতিষ্ঠানের সাথে চুক্তি হয়েছিল। কিন্তু তারা চুক্তি মোতাবেক কাজ করতে না পারায় গত বছর জুলাইয়ের ২৮ তারিখ ঢাকা প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) সাথে এ প্রকল্পের রিভাইজ চুক্তি হয়। এ পর্যন্ত মাস্টার প্ল্যানের কাজ প্রায় ৫৫ শতাংশ শেষ হয়েছে।

সোমবার ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) ক্যাম্পাসের শহীদ আহসান উল্লাহ মাস্টার অডিটরিয়ামে নগর উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন প্রকল্প স্টেকহোল্ডার কনসালটেশন এবং ফোকাস গ্রুপ ডিসকাসন ওয়ার্কশপের প্রথম পর্বে বিশেষ অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন। অনুষ্ঠানে সিটি করপোরেশনের প্যানেল মেয়র অ্যাডভোকেট আয়শা আক্তার, প্রধান প্রকৌশলী মো: আমিনুল ইসলাম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো: আকবর হোসেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো: মুজিবুর রহমান কাজল, জোন-৫ এর নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলামসহ কাউন্সিলর ও সিটির স্টেক হোল্ডাররা উপস্থিত ছিলেন।


মেয়র আরো বলেন, ইতোমধ্যে ইনসেপশন রিপোর্ট প্রণয়ন, বেজ পার্ক স্থাপন, মৌজা ম্যাপ সংগ্রহ এবং ডিজিটাল ম্যাপ প্রস্তুতকরণ, ফিজিক্যাল ফিচার ম্যাপ প্রণয়ন ও তথ্য সংগ্রহ ১০০ ভাগ, আর্থ সামাজিক, কৃষি, ট্যুরিজম, ইন্ডাস্ট্রি, ট্রাফিক, পরিবেশ ও ভূমি ব্যবহার জরিপ ৯০ শতাংশ, সার্ভেয়ার প্রজেক্ট কাজ চলমান, স্ট্রাকচার প্লান প্রস্তুতি চলমান, চূড়ান্ত মাস্টারপ্ল্যানের কাজ চলমান রয়েছে। সব মিলিয়ে গাজীপুর সিটির মাস্টার প্ল্যানের প্রায় ৫৫ শতাংশ কার্যক্রম সমাপ্ত করা সম্ভব হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী বর্জ্য ব্যবস্থাপনার জন্য ১০০ বিঘা জমি বরাদ্দ দিয়েছেন। আগামী ২/৩ মাসের মধ্যে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপন্ন করার কার্যক্রম বাস্তবায়ন করা সম্ভব হবে এবং বাংলাদেশের মধ্যে গাজীপুর একটি সুন্দর পরিবেশের বাসযোগ্য নগরী উপহার দিতে পারব। সম্প্রতি প্রধানমন্ত্রী গাজীপুর সিটিকে ৩৮০০ কোটি টাকার একটি প্রকল্প উপহার দিয়েছেন। এ প্রকল্পগুলোর মধ্যে জয়দেবপুর থেকে শহীদ আহসান উল্লাহ মাস্টার ফ্লাইওভার পর্যন্ত (ধীরাশ্রম) ৬০ ফিট অধিগ্রহণ, গাছা বঙ্গবন্ধু কলেজ থেকে পদ্মা সেতু প্রত্যাশা এলাকা পর্যন্ত ৬০ ফিট রাস্তার জমি অধিগ্রহণ করা হবে।


এ ছাড়া সিটি করপোরেশন এলাকায় ৮টি ট্রাক স্ট্যান্ডের জন্য প্রধানমন্ত্রী ২০০ বিঘা জমি বরাদ্দ দিয়েছেন। ইতোমধ্যে ৬টি ট্রাক স্ট্যান্ড করার জন্য প্রশাসনিক অনুমোদন পেয়েছি। বাকি দুটি মন্ত্রণালয়ে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (ডুয়েট) ভিসি অধ্যাপক ড. মো: হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রকল্পের টিম লিডার ও ডুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো: মোজাম্মেল হক, প্রকল্প পরিচিতি উপস্থাপন করেন ডেপুটি টিম লিডার ও ডুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক সামাউন আল নূর।