জামালপুরের দেওয়ানগঞ্জে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে ধাক্কা খেয়ে পড়ে গিয়ে ঘটনাস্থলে নিহত হয়েছেন তিন সন্তানের জননী মোর্শেদা বেগম (৪৫)। তিনি দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানী ইউনিয়নের পশ্চিম কাজলাপাড়া গ্রামের অটোরিকশা চালক বজলু শেখের স্ত্রী।
এলাকাবাসী জানান, অনেক দিন ধরে জটিল রোগে ভুগছিলেন মোর্শেদা বেগম। নানা স্থানে চিকিৎসা নিয়েছেন, কিন্তু নিরাময় হননি। গত সোমবার উন্নত চিকিৎসার জন্য তিনি জামালপুর জেলা সদরে যাচ্ছিলেন। দেওয়ানগঞ্জ বাজার রেলস্টেশনে গিয়ে টিকিট কেটে কমিউটার ট্রেনের বগিতে গিয়ে বসেন তিনি। কিছুক্ষণ পরে মোর্শেদা বেগম পান কেনার জন্য বগি থেকে নেমে একটি দোকানে যান। এ সময় কমিউটার ট্রেনটি জামালপুরের উদ্দেশ্যে ছেড়ে দিলে দৌড়ে গিয়ে ট্রেনে উঠার চেষ্টা করলে থাক্কা খেয়ে পড়ে গিয়ে ট্রেনের চাকায় কেটে ঘটনাস্থলেই তিনি মারা যান।
দেওয়ানগঞ্জ বাজার রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই হুসাইন বলেন, মোর্শেদা বেগম নিহত হওয়ার পর স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিরা ও তার আত্মীয়স্বজন কোনো অভিযোগ না করে লাশ নিযে যেতে চাইলে লাশ তাদেরকে দিয়ে দেয়া হয়। তিনি আরো জানান, এ ব্যাপারে রেলওয়ে থানায় একটি মামলা করা হয়েছে।