জামালপুরের দেওয়ানগঞ্জে রেল লাইনের কাছ থেকে অজ্ঞাত এক যুবতীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার (৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দেওয়ানগঞ্জে রেল লাইনের কাছ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
অজ্ঞাত যুবতীর বয়স আনুমানিক ১৮ থেকে ২০ বছর। ক্ষতবিক্ষত ওই লাশ দেখতে উৎসুক জনতার ভিড় জমে।
দেওয়ানগঞ্জ রেল স্টেশন মাস্টার মো: আব্দুল বাতেন নয়াদিগন্তকে জানান, স্থানীয়দের খবরে স্টেশনের চরভবসুর ঠোঁটাপাড়া গ্রামে রেললাইনের ধারে অজ্ঞাত এই যুবতীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়। ওই যুবতী ট্রেনে কাটা পড়ে মারা গেছে নাকি কেউ তাকে মেরে সেখানে ফেলে রেখে গেছে অথবা সে চলন্ত ট্রেনে আত্মহত্যা করেছে কিনা এসব বিষয় নিয়ে তদন্ত হচ্ছে।
দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবু শ্যামল চন্দ্র ধর জানান, রেল লাইনের ধারে অজ্ঞাত এক যুবতীর ক্ষতবিক্ষত লাশ পড়ে থাকার সংবাদ পেয়ে তিনি রেলওয়ে পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে অবহিত করেন। এ ব্যাপারে দেওয়ানগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এএসআই) মো: হোসেন আলীর সাথে মোবাইল ফোনে বার বার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত অজ্ঞাত ওই যুবতীর কোনো ঠিকানা পাওয়া যায়নি।



