ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) ও ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে বিজয়নগরে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে উপজেলার চান্দুরা বাজার এলাকায় বিজয়নগর সর্বদলীয় সংগ্রাম পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

প্রায় দুই ঘণ্টা ধরে চলা অবরোধে জামায়াতে ইসলামী, বিএনপি, হেফাজতে ইসলাম, এনসিপি’র নেতাকর্মীদের পাশাপাশি বিপুল সংখ্যক স্থানীয় জনতা অংশ নেয়।

সমাবেশে বক্তারা বলেন, বিজয়নগর উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে চান্দুরা, বুধন্তি ও হরষপুর ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সাথে যুক্ত করে এক তৃতীয়াংশ ভোটারকে বিচ্ছিন্ন করা হয়েছে। এতে ভোটারদের মধ্যে বিভ্রান্তি ও প্রশাসনিক জটিলতা তৈরি হবে।

বক্তারা এ সিদ্ধান্তকে ‘রাজনৈতিক ষড়যন্ত্র’ আখ্যা দিয়ে বলেন, দীর্ঘদিন ধরে বিজয়নগর উপজেলাকে অবহেলা করা হচ্ছে। স্বাধীনতার পাঁচ দশক পার হলেও এখানকার মানুষ মৌলিক উন্নয়ন থেকে বঞ্চিত।

তারা বলেন, বিজয়নগরের প্রায় ২ লাখের বেশি ভোটার রয়েছে, যা একটি সংসদীয় আসনের জন্য যথেষ্ট। অথচ বারবার অন্য আসনের সাথে জুড়ে দিয়ে উন্নয়নের পথ রুদ্ধ করা হয়েছে। নতুনভাবে তিনটি ইউনিয়নকে সরাইল আসনে যুক্ত করায় মানুষের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

এ দাবিতে উপজেলার জামায়াতে ইসলামী, বিএনপি ও এনসিপি আলাদাভাবে লিখিত আবেদন করে প্রধান নির্বাচন কমিশনার বরাবর জমা দিয়েছে বলে জানা গেছে।

আবেদনে তারা উল্লেখ করেন, তিনটি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-২ এ সংযুক্ত করা অবৈধ, অযৌক্তিক ও স্থানীয় উন্নয়নবিরোধী সিদ্ধান্ত। তারা ১০টি ইউনিয়নকে একত্রে রেখে ব্রাহ্মণবাড়িয়া- ৩ নামে একটি অভিন্ন ও একক আসনে পরিণত করার দাবি জানান।

জামায়াতে ইসলামীর চান্দুরা ইউনিয়ন সেক্রেটারি শিহাব উদ্দিন বলেন, ‘চান্দুরা, বুধন্তি ও হরষপুরকে সরাইলের সাথে যুক্ত করায় আমরা হতাশ। এতে উন্নয়ন কার্যক্রম ব্যাহত হবে এবং আমরা সুবিধাবঞ্চিত হবো।’

সমাবেশে আরো বক্তব্য রাখেন হেফাজতে ইসলামীর বিজয়নগর উপজেলা সেক্রেটারি মাওলানা আফজাল হোসেন, যুগ্ম সম্পাদক শিহাব সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক মুফতি এনামুল হক ভাসারী, যুবদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক এইচ এম গোলাম জহির, বিআরডিবি’র সভাপতি জহিরুল ইসলাম, বিএনপি নেতা লিটন সরকার প্রমুখ।

উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন দেশের ৩৯টি আসনের সীমানা পুনর্বিন্যাস করে প্রাথমিক গেজেট প্রকাশ করেছে। নতুন গেজেটে বিজয়নগরের তিনটি ইউনিয়ন- চান্দুরা, বুধন্তি ও হরষপুর ব্রাহ্মণবাড়িয়া-৩ থেকে বাদ দিয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে অন্তর্ভুক্ত করা হয়েছে।