দেশের দক্ষিণাঞ্চলের অন্যতম অর্থনৈতিক চালিকাশক্তি দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি আখ থেকে চিনি, চিটাগুড়, বায়োফার্টিলাইজার, হ্যান্ড স্যানিটাইজার ও উন্নতমানের দেশী-বিদেশী স্পিরিট লিকার উৎপাদন ও বাজারজাত করে এক শ’ কোটি টাকা নিট মুনাফা অর্জন করেছে বলে জানিয়েছে।

হাইব্রিড জাতের আখ উৎপাদন ও চাষ বাড়ানো গেলে কেরু কোম্পানির সম্ভাবনার নতুন দুয়ার উন্মোচন হবে বলে জানিয়েছে স্থানীয় আখচাষিরা।

কেরু চিনিকল আখচাষি কল্যাণ সমিতির সভাপতি আ: হান্নান ও সাধারণ সম্পাদক আ: বারি জানান, অল্প সময়ে হাইব্রিড জাতের আখ উৎপাদন ও আখচাষ বৃদ্ধি করতে পারলে কেরুর বিরাট সম্ভাবনার দুয়ার খুলে যেতে পারে। পাশাপাশি চিনি ও আখের মূল্য বাড়াতে হবে এবং আখের সাথে সাথী ফসল করা বাধ্যতামূলক করতে হবে।

কেরু চিনিকলের ব্যস্থাপনা পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন জানান, কেরু প্রতিষ্ঠার পর এই প্রথম সর্বোচ্চ কেরুর উৎপাদিত পণ্য ৩৬৭ কোটি টাকা বিক্রয় হয়েছে, যা সরকারি কোষাগারে রাজস্ব দিয়ে, নয়টি কৃষি খামার ও চিনির লোকসান সমন্বয় করে এক শ’ কোটি টাকা নিট মুনাফা হতে পারে। ২০২১ সালে নিট প্রফিট ছিল ৫০ কোটি ৭০ লাখ। করোনার মধ্যে ২০২০ সালে নিট প্রফিট ছিল ২১ কোটি টাকা।