মানিকগঞ্জ সদর উপজেলা বালিরটেক খাবাশপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে বহিষ্কৃত ছাত্র ও তার সহযোগীরা।

রোববার (৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে বালিরটেক বাজারে এ ঘটনা ঘটে।

খাবশপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আফতাব উদ্দিন জানান, দুপুর ১২টার দিকে প্রধান শিক্ষক মিজানুর রহমান স্কুলে আসার জন্য বালিরটেক বাজারে আসেন। এ সময় স্কুলের বহিষ্কৃত ছাত্র রাজু আহমেদ ও তার সহযোগীরা প্রধান শিক্ষকে পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে আহত করে। প্রধান শিক্ষকে প্রথমে মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়েছে।

আহত প্রধান শিক্ষকের ভাই মো: সাইফুল হক জানান, ‘মিজানকে আহত অবস্থায় আমরা ঢাকার নিউরোসাইন্স হাসপাতালে নিয়ে এসেছি। এখানে সিটিস্ক্যান করার পর পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হবে।‘

তিনি আরো বলেন, ‘আগে ভাইয়ের চিকিৎসার ব্যবস্থা করে পরে আমি মানিকগঞ্জ এসে মামলা করবো। এ ঘটনার পেছনে একটি চক্র জড়িত আছে বলে আমাদের সন্দেহ। বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন অবশ্যই বের করবে বলে আমরা বিশ্বাস করি।’

সহকারী প্রধান শিক্ষক আফতাব উদ্দিন আরো জানান, রাজু আহমেদ স্কুলের ছাত্রীদের উত্ত্যক্ত করত। এ নিয়ে তাকে সাবধান করা হলেও সে সংশোধন হয়নি। ২০২২ সালে রাজুকে ৯ম শ্রেণিতে পড়ার সময় স্কুল থেকে বহিষ্কার করা হয়।

রাজুর বাবা শহিদুল ইসলাম খাবমপুর কলেজের অফিস সহকারী পদে চাকরি করেন।

মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউফ জানান, প্রধান শিক্ষককে ধারালো অস্ত্র দিয়ে কুপানোর ঘটনায় রাজুকে গ্রেফতারের চেষ্টা চলছে।