ফেসবুক পোস্টে ‘একটি দরিদ্র পরিবার না খেয়ে রোজা রাখছে এবং বইয়ের অভাবে নবম শ্রেণীর শিার্থীর পড়াশুনা বন্ধের মুখে’ এমন তথ্য জানতে পেরে অসহায় পরিবারটির পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের এমপি দিদারুল আলম। শনিবার দুপুরে এমপি পরিবারটির জন্য খাদ্য, বস্ত্র ও ছাত্রীটির যাবতীয় বই কিনে পাঠিয়েছেন। এদিকে বই পেয়ে আবেগে আপ্লুত ছাত্রীটি।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ২৫ মার্চ এক মধ্যবয়সী নারী মোসাম্মৎ বকুল সীতাকুণ্ড পৌরসদর বাজারে বিভিন্ন দোকানে ঘুরে তার নবম শ্রেণীপড়ুয়া মেয়ে স্বর্ণার জন্য গাইড বই কেনার আকুতি নিয়ে ঘুরছিলেন। তিনি আরো জানান, তার পরিবার এতটাই কষ্টে আছে যে অনাহারে অর্ধাহারে রোজা রাখছে। তাই গাইডগুলো কেনার সামর্থ নেই। একপর্যায়ে তিনি স্থানীয় সংবাদকর্মী সৌমিত্র চক্রবর্তীর কাছে এসে মেয়ের পড়াশুনা অব্যাহত রাখতে গাইডগুলো কিনে দেয়ার আকুতি জানান এবং অনাহারে রোজা রাখার কথা বলে কাঁদতে থাকেন। সব শুনে নিজের ফেসবুকে পোস্ট দিয়ে পরিবারটির অসহায়ত্বের কথা তুলে ধরেন সাংবাদিক সৌমিত্র। বিষয়টি জেনে তাৎণিক খাদ্য সহায়তা পাঠান উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেন। পোস্ট দেখে স্থানীয় এমপি দিদারুল আলম মেয়েটির জন্য নবম শ্রেণীর যাবতীয় বই কিনে পাঠানোর কথা জানান।
ছাত্রীর মা মোসাম্মৎ বকুল বলেন, আপনাদের এ সহযোগিতা না পেলে জানি না আরো কতজনের পা ধরতে হতো মেয়ের বইয়ের জন্য। হয়ত পড়াশুনাও বন্ধ হয়ে যেত। এ ঋণ আমরা শোধ করতে পারব না।