কুমিল্লার চান্দিনা বাজারের একটি দোকান থেকে ক্রেতা সেজে দিনদুপুরে আবারো স্বর্ণ চুরি হয়েছে।

সোমবার (১০ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় চান্দিনা কাপড়িয়া পট্টির জুয়েলারি দোকানে এ চুরি হয়।

দোকান মালিক সুবল দাস জানান, সোমবার বেলা অনুমান সাড়ে ১১টায় তিন পুরুষ ও এক নারী ক্রেতা বেশে দোকানে স্বর্ণের আংটি ও কানের দুল দেখেন। একজন বলেন স্বর্ণের আংটি দেখান, আরেকজন বলেন এটার ওজন দেন, আবার আরেকজন বলেন কানের ওই দুলটি দেখান। এই সুযোগে চোরচক্রের এক পুরুষ দোকানের শোকেস থেকে আংটি রাখার দু’টি ট্রে বের করেন। সাথে থাকা চক্রের নারী সদস্য কৌশলে বোরকার ভেতরে করে নিয়ে যান। ট্রে দু’টি গায়েব করার পর আংটি ও কানের দুল পছন্দ না হওয়ার অযুহাতে দোকান ত্যাগ করে চোর চক্র।

দোকান মালিক আরো জানান, দু’টি ট্রেতে ৩০টি আংটি ছিল। এতে প্রায় ৪ ভরির বেশি স্বর্ণ থাকায় প্রায় সাড়ে তিন লাখ টাকার লোকসান হয়।

তিনি আরো জানান, যদি কেউ তাদের শনাক্ত করতে পারেন তাদেরকে পুরস্কৃত করা হবে।

এর আগে গত ১৫ ফেব্রুয়ারি চান্দিনা বাজারের ঢাকেশ্বরী জুয়েলারি দোকানে স্বর্ণের চেইন চুরিকালে চোর চক্রকে আটক করা হয়।

চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সাহাবুদ্দীন খাঁন জানান, ঘটনা জানার পরপরই আমরা ঘটনস্থল পরিদর্শন করেছি। চোর চক্রকে আটক করতে আমাদের তৎপরতা অব্যাহত থাকবে। ঈদ উপলক্ষে সকলকে সতর্ক থাকার পরামর্শ দেন এই পুলিশ কর্মকর্তা।