পারিবারিক কলহের জের ধরে একই ঘরে ঘুমিয়ে থাকা বড় ভাই আবু রায়হান ফকিরকে (২৬) গলা কেটে হত্যা করেছে তারই সহোদর রোমান ফকির (২৪)। রোববার রাত সাড়ে ১২টায় মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ফকিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
খুন হওয়া আবু রায়হান ও ঘাতক রোমান ওই গ্রামের শাহজাহান ফকিরের ছেলে। আবু রায়হান স্থানীয় একটি সমবায় সমিতিতে চাকরি করতেন। হত্যাকাণ্ডের পর থেকেই ঘাতক রোমান পলাতক রয়েছে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, রাতে একই ঘরে তিন ভাই- আবু রায়হান, রোমান ও জামান (১৮) শুয়ে পড়েন। এর মধ্যে বড় ভাই আবু রায়হান ও ছোট ভাই জামান ঘুমিয়ে পড়েন। সুযোগ বুঝে মেঝো ভাই রোমান ধারালো চাকু দিয়ে তার বড় ভাইর গলা কেটে ফেলে। এ সময় আবু রায়হানের ছটফট শব্দে ছোট ভাই জামানের ঘুম ভেঙে যায়। বড় ভাইকে রক্তাক্ত অবস্থায় দেখে চিৎকার শুরু করেন তিনি। তার চিৎকারে পাশের ঘরে থাকা বাবা শাহজান ফকির এগিয়ে এলে দরজা খুলে ঘাতক রোমান পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় আবু রায়হানকে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোঘণা করেন।
খবর পেয়ে সিংগাইর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম ও এএসপি (সিংগাইর সার্কেল) আব্দুল্লাহ আল-ইমরান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। রোমানকে গ্রেফতারে জোর চেষ্টা চলছে বলে ওসি জানান।