দিনাজপুরের নবাবগঞ্জে রেখা পরিবহন বাসের চাপায় কবির মিয়া (১৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১১ এপ্রিল) সকাল ১০টা ৪৫মিনিটে উপজেলার সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও হোটেল কিছুক্ষণের মাঝামাঝি স্থানে এই দুর্ঘটনা ঘটে।

কবির মিয়া রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার মানিকপাডা কুযা পাড়া গ্রামের মো: মিজানুর রহমান ছেলে এবং গোপালপুর টেকনিক্যাল কলেজের এইচএসসি দ্বিতীয বর্ষের ছাত্র।

পুলিশ ও নিহতের খালাত ভাই শাহিন আলম জানান, মোটরসাইকেলযোগে বিরামপুর থেকে নবাবগঞ্জ আসার পথে উপজেলার সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে রেখা পরিবহনের একটি বাসকে ওভারটেক করতে গিয়ে পেছন থেকে ছিটকে পড়ে বাসের চাকার নিচে পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই কবিরের মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের খালাত ভাই শাহিন আলম গুরুতর আহত হলে তাকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে নবাবগঞ্জ থানায় নিয়ে আসে, পরে পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরো বলেন, এ ঘটনায় বাসটি জব্দ করতে পারলেও চালক ও হেলপার পলাতক রয়েছে, তবে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।