ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে টিপু লস্কর (৩৮) নামের এক মোটরসাইকেল-আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার রাত ৮টার দিকে কালীগঞ্জের বৈশাখী তেল পাম্পের সামনের মহাসড়কের এ ঘটনা ঘটে।

নিহত টিপু লস্কর কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়নের খাঞ্জাপুর গ্রামের লতা লস্করের ছেলে। তিনি পরিবার নিয়ে কালীগঞ্জ শ্রীরামপুরে থাকতেন।

জানা গেছে, টিপু লস্কর তার ছেলেকে বলিদাপাড়া মাদরাসায় পৌঁছে ফেরার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম মোল্লা জানিয়েছেন, ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে। ট্রাকটি জব্দের চেষ্টা চলছে।