খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় মোটরসাইকেল-পিকআপ মুখোমুখি সংঘর্ষে ইউনুছ (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় প্রাণে বেঁচে গেলেও গুরুতর আহত হয়েছে মোটরসাইকেল চালক ইয়াছিন।

বুধবার (১২ এপ্রিল) সকালে উপজেলার গোমতি ইউনিয়নের বান্দরছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ইউনুছ মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের ছাত্র ও গোমতি গরগরিয়া এলাকার সাহেব মিয়ার ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, সকালে ভাবিকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য ইউনুছ মোটরসাইকেল আনতে বন্ধু ইয়াছিনের বাড়ি বান্দরছড়া যায়। মোটরসাইকেলসহ ফেরার সময় পথে পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষে ইয়াছিনসহ গুরতর আহত হন। আহত অবস্থায় স্থানীয়রা দু‘জনকে উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখানকার কর্তব্যরত ডাক্তার ইউনুছকে মৃত ঘোষণা করেন।

ইয়াছিনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (তদন্ত, ওসি) আমজাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর পিকআপের চালক পলাতক রয়েছে। আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।