ঐতিহ্যবাহী ফুল বিঝু উপলক্ষে চেঙ্গী নদীতে ফুল ভাসাতে গিয়ে পানিতে ডুবে মৈত্রী চাকমা (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকালে খাগড়াছড়ি সদরের কমলছড়ি এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। মৈত্রী চাকমা কমলছড়ি এলাকার বাসিন্দা রতন চাকমা ও মনীষা চাকমার একমাত্র মেয়ে। মৈত্রী চাকমা কমলছড়ি মুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী। তাদের বড় মেয়েও দুই বছর আগে অসুস্থ হয়ে মারা গেছে।
স্থানীয়রা জানান, সকাল ৮টার দিকে তিন-চারজন বান্ধবী মিলে চেঙ্গী নদীতে ফুল ভাসাতে যায়। এ সময় পা পিছলে মৈত্রী চাকমা গভীর পানিতে তলিয়ে যায়। পরে তার সাথে থাকা বান্ধবীরা পাশের সড়ক দিয়ে হেঁটে যাওয়া ব্যক্তিদের ডাকেন। স্থানীয় লোকজন সবাই মিলে এক ঘণ্টা চেষ্টার পর তার লাশ উদ্ধার করেন।