মানিকগঞ্জের সিংগাইরে ঘুমন্ত বড়ভাইকে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যার অভিযোগে ছোটভাইকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ভোর ৫টার দিকে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল থেকে তাকে গ্রেফতার করা হয়।

নিহত বড়ভাই আবু রায়হান (২৭) ও হত্যাকারী ছোটভাই রোমান (২৪) একই গ্রামের শাহজাহান ফকিরের ছেলে।

পুলিশ জানায়, গ্রেফতারের কৌশল হিসেবে রোমানের বাবা শাহজাহান ফকিরকে হাসপাতালে ভর্তি করা হয়। বাবার গুরুতর অসুস্থতার খবর অন্যের মাধ্যমে রোমানের কাছে পৌঁছানো হয়। বাবাকে দেখতে এলে পুলিশের তাকে গ্রেফতার করে।

জানা গেছে, পারিবারিক কলহের জেরে ৯ এপ্রিল দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঘুমন্ত আবু রায়হানকে ধারালো চাকু দিয়ে গলা কেটে হত্যা করে রোমান। এরপরেই পালিয়ে যান তিনি। ১০ এপ্রিল শাহজাহান ফকির থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় রোমান ও তার স্ত্রী ফিহাসহ অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়।

সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম বলেন, গ্রেফতার রোমান পুলিশের কাছে হত্যার দায় স্বীকার করেছেন। তাকে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দির জন্য আদালতে পাঠানো হয়েছে।