ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হামিদুল ইসলাম নামের এক মোটরসাইকেল-আরোহি নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন সোহেল নামের আরো এক আরোহি।

শনিবার বেলা ১১টার দিকে উপজেলা বারোবাজার হাইওয়ে থানার সামনে এ ঘটনা ঘটে।

নিহত হামিদুল ইসলাম চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার পরলক্ষীপুর গ্রামের শহর আলীর ছেলে। তিনি নিরোলাক পেইন্টে চাকরি করেন বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আব্দুর রহিম মোল্লা।

ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, হামিদুল ইসলাম ও তার সহযোগী সোহেল চুয়াডাঙ্গা থেকে যশোরে নিরোলাক পেইন্টে অফিসিয়াল মিটিংয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে বারোবাজার হাইওয়ে থানার সামনে এসে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চালক হামিদুল ছিটকে ট্রাকের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হন। এ সময় আহত হন মোটরসাইকেলে থাকা সোহেল। স্থানীরা সোহেলকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করে। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি আটক করেছে হাইওয়ে থানার পুলিশ। তবে ট্রাকের চালক পালিয়ে গেছেন।