সিলেটের গোলাপগঞ্জে সড়ক ও জনপথ বিভাগের শত বছরের পুরানো সরকারি গাছ সুকৌশলে কেটে নেয়া হচ্ছে। সওজের সিলেট-ভাদেশ্বর সড়কের গোলাপগঞ্জ চৌমুহনী থেকে উপজেলা পরিষদ সংলগ্ন পর্যন্ত রাস্তার পাশ থেকে ইতঃপূর্বে সরকারি ও বন বিভাগের রোপণকৃত গাছ কাটার আড়ালে শত বছরের পুরানো আরো প্রায় ২০ লাখ টাকার একাধিক গাছ কেটে নেয়া হচ্ছে।
যদিও সওজের ঊর্ধ্বতন এক কর্মকর্তা এ প্রতিবেদককে জানান, শুধুমাত্র রোপণকৃত গাছ কাটার জন্য টেন্ডার আহ্বান করা হয়েছিল এবং সেই টেন্ডারের আওতাভুক্ত গাছই কাটা হচ্ছে। এর বাইরে আগের পুরানো গাছ কাটার কোনো সুযোগ নেই। তাহলে, সওজের শত বছরের পুরানো গাছগুলো কিভাবে কাটা হচ্ছে- এ নিয়ে উপজেলাজুড়ে চলছে নানা গুঞ্জন।
সড়ক ও জনপথ বিভাগ সড়কে বনায়নের জন্য চুক্তিভিত্তিক ইজারা প্রদানের পূর্বে সড়কের পুরানো গাছগুলো তালিকা করে দফতরে সংরক্ষণ করে রাখার কথা। সওজের কাছে সে তালিকাও নেই বলে এ প্রতিবেদককে জানান সওজের এক কর্মকর্তা। এ নিয়েও রয়েছে নানা রহস্য। সড়কের পাশে পুরানো গাছ রক্ষার্থে ও নিয়মবহির্ভূতভাবে গাছ কাটার বিরুদ্ধে প্রয়োজনীয় প্রদক্ষেপ গ্রহণ করতে সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তার দৃষ্টি কামনা করছেন স্থানীয় সচেতন মহল।
সওজের সাবডিভিশন ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন এ প্রতিবেদককে জানান, তিনি নতুন কর্মস্থলে যোগদান করেছেন। তার জানা মতে সড়কের পাশে চুক্তিভিত্তিক লাগানো গাছগুলোই টেন্ডারের মাধ্যমে ১৫৩টি গাছ কাটার অনুমতি দেয়া হয়েছে। সড়কের সরকারি পুরানো গাছ কাটার কোনো অনুমতি দেয়া হয়নি। বিষয়টি তিনি খতিয়ে দেখবেন বলে জানান।