মানিকগঞ্জের হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় তন্ময় (২০) নামের এক যুবক নিহত হয়েছে।
গতকাল সোমবার (১৭ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে বলধারা ইউনিয়নের খোলাপাড়া বাসস্ট্যান্ডের পশ্চিমে এএবি ইটভাটার অদূরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তন্ময় সিংগাইর কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। তিনি পৌর এলাকার গোবিন্দল মহল্লার মো: শাহানুর মোল্লার ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, তন্ময় মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ওই জায়গায় পৌঁছলে পেছন দিক থেকে অজ্ঞাত একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। ফলে সে পড়ে গিয়ে মারাত্মক আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



