লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার পৃথক দু’টি ব্রিজের নিচ থেকে এক নারী ও এক শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার রামগঞ্জ-সোনাইমুড়ি সড়কের হানুবাইশ ব্রিজের নিচে ও তার আধা কিলোমিটার দূরের আলীপুর ব্রিজের নিচ থেকে লাশ দু’টি উদ্ধার করা হয়।
উদ্ধার লাশের পরিচয় জানা যায়নি। নারীর আনুমানিক বয়স ২৫ ও শিশুটির এক বছর। তারা মা ও মেয়ে হতে পারে বলে ধারণা করছে স্থানীয়রা।
স্থানীয়রা জানায়, তারা লাশ দু’টি দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করতে আসে। লাশ দু’টি এ এলাকার না।
লক্ষ্মীপুর পুলিশ সুপার মো: মাহফুজ্জামান আশরাফ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।



