শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কায় পাঁচজন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে শ্রীনগর উপজেলার ষোলঘর ভূইচিত্র কবরস্থানের সামনে এই দুর্ঘটা ঘটে।
নিহতরা হলেন- শরিয়তপুর জেলার শখিপুরের হাজেরা বেগম (৫০), সাইফুল ইসলাম (৩০) ও নড়িয়া উপজেলার কেদারপুরের আরিফ মাঝি (৩২)। নিহত অপর নারীর (২৫) ও ঢাকা মিডফোর্ট হাসপাতালে নিহতের পরিচয় পাওয়া যায়নি।
এছাড়া বিউটি (২৫) তাহিরা (১৫), আকাশ (২৫), বিথী (৩০), আরিফ (২০), রাসেল (২৫), চাপা (১০), মারিয়া (১), সাকিরা (৩০), সুলতান (৩০), আকাশ (২০), শামীম (২০), সেলিম (৩০), বাশের (২৫), বিল্লাল (২৫), জান্নাত (২০), সালাউদ্দিন, সেলিম (১৯) আরিফসহ (২৭) ২০ জন অহত হন।
শ্রীনগর ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানায়, এক্সপ্রেসওয়ের পূর্বপাশের লেনে একটি ট্রাক থামিয়ে চাকা ঠিক করা হচ্ছিল। এমন সময় পেছন দিক থেকে শরিয়তপুরগামী পদ্মা ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস আরেকটি বাসকে ওভারটেক করতে গিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে বাসটির বাম পাশের সামনে থেকে পেছন পর্যন্ত দুমড়ে মুচড়ে যায়। এ সময় বাসের দুইজন যাত্রী ঘটনাস্থলে নিহত হন। দুইজনকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। অপরজন ঢাকা মিডফোর্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফারহানা সাইদ জানান, আহতের মধ্যে ১৩ জনকে ঢাকা মিডফোর্ট ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে চারজনের অবস্থা আশংকাজনক।
হাঁসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির মোল্লা জানান, বাসটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের মধ্যে যাদের পরিচয় জানা গেছে তাদের স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটওয়ারী বলেন, মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে অতিরিক্ত জেলা প্রশাসক মহোদয় ঘটনাস্থল পরিদর্শন করেছেন।



