চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গত ২২ এপ্রিল চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের তুলসি পাড়া গ্রামে অগ্নিদগ্ধ হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃতের নাম রনি চৌধুরী (৩৫)। তিনি তুলসি পাড়ার অজিত চৌধুরীর ছেলে এবং একটি বেসরকারি ওষুধ কোম্পানি মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ হিসেবে কর্মরত ছিলেন। মৃতের পরিবারের দাবি, রনি শৌচাগারে গিয়ে দরজা খোলা রেখে গায়ে কেরোসিন ঢেলে আগুন দেন। পরে তার চিৎকারে পরিবারের লোকজন দৌড়ে গিয়ে দেখতে পায় তার সারা শরীরে আগুন জ্বলছে। দ্রুত আগুন নিভিয়ে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত
ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ জামাল বলেন, রনি চৌধুরী দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। পরিবারের লোকজনের সাথে ঝগড়া করার পর তিনি গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেন।
রাঙ্গুনিয়া থানার উপপরিদর্শক প্রদীপ কুমার মজুমদার বলেন, এটি একটি আত্মহত্যা বলেই প্রাথমিক ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।