ভারতীয় বুনো হাতির আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট সীমান্ত এলাকার মানুষ। কিছু দিন পর পর পাওয়া যায় মৃত্যুর সংবাদ।
খাবারের সন্ধানে সীমান্তের সমতল ভূমিতে নেমে আসে ভারতীয় বুনো হাতিরদল। প্রতিনিয়তই ক্ষয়ক্ষতি হচ্ছে বোরো ধানসহ বিভিন্ন ফসলের। সীমান্ত এলাকা কড়ইতলী, কোচপাড়া, রঙ্গমপাড়া, বানাই চিরিঙ্গিপাড়া, কাটাবাড়ি, গোবরাকুড়া, গাবরাখালী, ডুমনিকুড়ার বিভিন্ন স্থানে প্রতিদিনই দেখা মিলছে হাতির দল।
সীমান্ত এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, ৪০-৪৫টি হাতি সীমান্তে অবস্থান করছে। খাবারের সন্ধানে হাতিগুলো ভারতীয় কাঁটাতার উপেক্ষা করে বাংলাদেশ সীমান্তে আসে। কৃষকরা ফসল বাঁচাতে টর্চ লাইট, মাইকিং, পটকা, মশাল জ্বালিয়ে ও ঢোল পিটিয়ে রাত জেগে পাহারা দেয়।
ময়মনসিংহ বনবিভাগের গোপালপুর বিট কর্মকর্তা মো: মাজহারুল ইসলাম জানান, ‘আমরা সার্বক্ষণিক সাধারণ মানুষকে সতর্ক ও বিভিন্ন সহযোগিতা করে যাচ্ছি। হাতি তাড়াতে স্থানীয়দের মাঝে বিতরণ করতে গাজিরভিটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে তিনটি জগলাইট প্রদান করেছি।’
উপজেলা প্রশাসনের ভারপ্রাপ্ত নির্বাহী দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) আফরোজা আফসানা জানান, স্থানীয় পর্যায়ে টিম গঠন করার চেষ্টা চলছে। তাছাড়া হাতি তাড়ানোর জন্য ঢোল, জগলাইট, পটকাসহ বিভিন্ন সরঞ্জাম প্রদান করা হচ্ছে। সরকারি সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়ে কৃষকদের হাতির কাছে না যাওয়ার জন্য সতর্ক করে হচ্ছে।



