গাজীপুরের কালীগঞ্জে বাসের ধাক্কায় এক সিএনজিচালিত অটোরিকশা-আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় আরো একজন আহত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে টঙ্গী-কালীগঞ্জ-ভৈরব মহাসড়কের মূলগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি, বয়স আনুমানিক ১৮ বছর এবং আহত মিরাজ (১৪) টঙ্গী এলাকার জালাল উদ্দিনের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সিলেট থেকে ঢাকাগামী এনা পরিবহনের একটি বাস ঘোড়াশালগামী একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে সিএনজিতে থাকা ওই আরোহীর মাথা গুরুতর আঘাত লাগে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। এছাড়াও বাসচালক আব্দুল আলিম ওরফে হালিমসহ বাস এবং সিএনজিটি জব্দ করেছে পুলিশ।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ফায়েজুর রহমান জানান, নিহতের সাথে মোবাইল, জাতীয় পরিচয়পত্র বা অন্য কোনো কাগজপত্র না পাওয়ায় তার ফিঙ্গার প্রিন্ট নেয়া হয়েছে। এখনো তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলমান আছে।



