সীতাকুণ্ডে যুবদলের ঈদপুনর্মিলনী অনুষ্ঠানে হামলা চালিয়ে অনুষ্ঠানটি পণ্ড করে দিয়েছে পুলিশ।
এসময় পুলিশের লাঠির আঘাতে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নাজমুন নাহার নেলিসহ যুবদলের অন্তত দশ নেতাকর্মী আহত হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার বাড়বকুণ্ড সমুদ্র উপকূল এ হামলার ঘটনা ঘটে।
তবে পুলিশের দাবি বিনা অনুমতিতে যুবদল ওই স্থানে লোকজড়ো করে নাশকতার চেষ্টা করছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সীতাকুণ্ড উপজেলা যুবদলের আয়োজনে বেলা ১১টার দিকে বাড়বকুণ্ডের সমুদ্র উপকূলে দলীয় নেতাকর্মীদের নিয়ে ঈদপুনর্মিলনীর আয়োজন করে। অনুষ্ঠান শুরুর পর থেকেই সাদা পোশাকে পুলিশ ওই এলাকায় অবস্থান নেন।
বিকেল সাড়ে ৪টার দিকে সীতাকুণ্ড মডেল থানার ওসি তোফায়েল আহমেদ অনুষ্ঠান স্থলে গিয়ে অনুষ্ঠান বন্ধ করে দেন।
এসময় তার নেতৃত্বে পুলিশ কোন রকম উসকানি ছাড়াই ব্যাপক লাঠিচার্জ করে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেন। মঞ্চ ভেঙে গুঁড়িয়ে দিলে অনুষ্ঠান পণ্ড হয়ে যায়। এসময় পুলিশের হামলায় সীতাকুণ্ড উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নাজমুন নাহার নেলীসহ অন্তত দশ নেতাকর্মী আহত হয়।
এ ব্যাপারে উপজেলা যুবদলের আহ্বায়ক ফজলুল করিম চৌধুরী বলেন, আমরা যুবদলের নেতাকর্মীদের নিয়ে ঈদপুনর্মিলনীর আয়োজন করি। হঠাৎ করে পুলিশ হাজির হয়ে নেতাকর্মীদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দিয়ে মঞ্চ ভেঙে গুঁড়িয়ে দেয়।
পুলিশের প্রহারে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুন নাহার নেলীসহ ১০/১২ জন নেতাকর্মীকে মেরে আহত করে। পুলিশ কয়েকজন নেতাকর্মীকে আটক করেছে।