নীলফামারীতে ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি ও উপজেলা জামায়াতের নায়েবে আমীরসহ পাঁচ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। গত বুধবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত জেলার জলঢাকা ও ডিমলা উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের পৃথকভাবে আটক করা হয়েছে।
জলঢাকা থেকে আটক নেতাকর্মীরা হলো শিবিরের জেলা সভাপতি মো: মহসিন, জলঢাকা উপজেলা জামায়াতের নায়েবে আমির কামরুজ্জামান, উপজেলা আমিরের ছেলে মোখলেছার রহমান ও ছাত্রনেতা নাইমুল ইসলাম। ডিমলা থেকে বালাপাড়া ইউনিয়ন আমির রবিউল ইসলাম।
দলীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, আটক ব্যক্তিদের নামে নিয়মিত কোনো মামলা নাই। গত বুধবার সন্ধা ৭টায় জলঢাকা বাসস্ট্যান্ড থেকে শিবিরের জেলা সভাপতি মহসিন কে ডিবি পরিচয়ে আটক করা হয়। পরে গভীর রাতে অপর তিনজনকে নিজ নিজ বাড়ি থেকে তুলে নেয়া হয়েছে।
একইভাবে ডিমলায় রবিউল ইসলামকেও মধ্যরাতে বাড়ি থেকে আটক করে নিয়ে যায় ডিবি পুলিশ। বৃহস্পতিবার বিকেল পর্যন্ত আটককৃতদের বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পর্কে কোনো তথ্য দেয়নি প্রশাসন। তারা অভিযোগ করেন, পুলিশ বিনা অপরাধে অসৎ উদ্দেশ্যে হয়রানিমূলক নেতাকর্মীদের আটক করেছে।
এ ব্যাপারে সাংবাদিকরা সংশ্লিষ্ট থানা, ডিবি কার্যালয়ে যোগাযোগ করলে তারা কোন তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন। জেলা পুলিশ সুপারের সাথে বারবার যোগাযোগের চেষ্টা করেও কল রিসিভ না করায় তাদের কোনো মন্তব্য জানা সম্ভব হয়নি।



