দিনাজপুরের ফুলবাড়ী-মিঠাপুকুর আঞ্চলিক মহাসড়কে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বৈদ্যুতিক পিলারের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই আবু তাহের (৬০) নামে ট্রাকের এক যাত্রীর মৃত্যু হয়। এ ঘটনায় এক নারীসহ সাতজন আহত হয়েছেন।
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ফুলবাড়ী-মিঠাপুকুর আঞ্চলিক মহাসড়কের ভাগলপুর মোড় সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানার ওসি (তদন্ত) মমিনুজ্জামান।
নিহত আবু তাহের ফুলবাড়ী উপজেলার দৌলতপুর ইউনিয়নের জানিপুর গ্রামের মৃত তোফিল উদ্দিন এর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত আবু তাহেরের ভগ্নিপতি মোঃ রেজওয়ান ইসলাম বদলিজনিত কারণে বাড়ির আসবাবপত্র নিয়ে একটি ট্রাকে করে রংপুর থেকে নিজ বাড়ি বিরামপুরের বিসকিনেতে নিয়ে যাচ্ছিলেন। রেজওয়ান ইসলাম শারীরিকভাবে অসুস্থ ছিলেন, তাই তাকে সহযোগিতা করতে আবু তাহের একই ট্রাকে তাদের সাথে রংপুর থেকে বিরামপুর বিশকিনির উদ্দেশে যাচ্ছিলেন। যাওয়ার পথে ট্রাকটি ফুলবাড়ীর সন্নিকটে নবাবগঞ্জ উপজেলার ভাগলপুর বাজার সংলগ্ন স্থানে পৌঁছালে, নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক পিলারের সাথে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই আবু তাহের নিহত হন।
এ ঘটনায় ট্রাকের ড্রাইভার, হেলপারসহ ট্রাকে থাকা বিরামপুর উপজেলার বিসকিনি গ্রামের রেজওয়ান (৪২) ও তার স্ত্রী ফরিদা ইয়াসমিনসহ (৩৮) সাতজন আহত হন। নিহত আবু তাহের ফরিদা ইয়াসমিনের বড় ভাই।
বাকিদের নাম পরিচয় পাওয়া যায়নি। এ সময় ফুলবাড়ী ফায়ার সার্ভিসের কর্মীসহ স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নবাবগঞ্জ থানার ওসি (তদন্ত) মমিনুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধারসহ ট্রাকের মালামাল নিয়ন্ত্রণে নেয়া হয়েছে। কারো কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে।



