কলারোয়ায় দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ে ছাই হয়েছে কৃষকের এক বিঘা জমির ধান। গতকাল শনিবার ভোররাতে উপজেলার ব্রজবাকসা গ্রামের দাকোপ বিলে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ধানচাষি ইসরাইল হোসেন ব্রজবাহসা গ্রামের গোলাম হোসেনের ছেলে।
ক্ষতিগ্রস্ত কৃষক ইসরাইল হোসেন জানান, গত পরশু থেকে ঝড়বৃষ্টি হওয়ার কারণে কাটা ধান গত শুক্রবার রাত ৮টা পর্যন্ত জমিতে জালি দিয়ে ঢেকে রেখে আসি। গতকাল শনিবার সকালে স্থানীয় সংরক্ষিত মহিলা ইউপি সদস্য নাসিমা খাতুন মোবাইল করে জানান (গাদা করা) ওই ধানে কে বা কারা আগুন দিয়েছে। আমি মাঠে গিয়ে দেখি এক বিঘা জমির ধান বিচুলীসহ পুড়ে ছাই হয়ে গেছে। এখন সেচের টাকা ও সার-কীটনাশকের দোকানে বাকি কি দিয়ে শোধ করব।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবুল হোসেন জানান, ঘটনাস্থলে উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে পাঠানো হবে। অভিযোগ পেলে এর পেছনে কারা রয়েছে তাদের আইনের আওতায় আনতে পদক্ষেপ নেয়া হবে।
কলারোয়া থানার ওসি মুস্তাফিজুর রহমান জানান, বিষয়টি খুব দুঃখজনক। এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো অভিযোগ পাননি। অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।