দেশের বিভিন্ন স্থানে কৃষকদের ধান কেটে দিচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা- গত কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম এই সংবাদে মুখর। এবার সেই ধারাবাহিকতা রক্ষা করলেন দলটির দুই নেতা ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান ও জামালপুর-শেরপুর সংরক্ষিত আসনের সংসদ সদস্য হোসনে আরা।

রোববার সকালে ধর্ম প্রতিমন্ত্রী ও এমপি হোসনে আরা একসাথে জামালপুরের ইসলামপুর উপজেলার এক কৃষকের ধান কেটে দিয়েছেন। এদিন উপজেলা আওয়ামী কৃষক লীগ ধান কাটা অনুষ্ঠানের আয়োজন করে। ওই অনুষ্ঠানের উদ্বোধন করতে গিয়েই একসাথে ধান কাটেন ধর্ম প্রতিমন্ত্রী ও এমপি হোসনে আরা।

যেই কৃষকের ধান কাটেন, তার নাম মুনু মিয়া। মনু মিয়ার বাড়ি উপজেলার বেলগাছা ইউনিয়নের ধনতলা গ্রামে। তিনি দরিদ্র বলে কর্মীদের নিয়ে তার ধানই কেটে দিলেন ফরিদুল হক খান ও হোসনে আরা

এ সময় ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বাংলাদেশ কৃষকলীগ কৃষকের ধান কাটায় সবসময় সহযোগিতা করে যাবে।

জামালপুর-শেরপুর সংরক্ষিত আসনের এমপি ও কেন্দ্রীয় কৃষকলীগের সহ-সভাপতি হোসনে আরা বলেন, কৃষকের ধান গোলায় না উঠানো পযর্ন্ত বাংলাদেশ আওয়ামী লীগ, কৃষক লীগসহ আমরা সকলেই মাঠে আছি।

ইসলামপুর উপজেলা কৃষক লীগের উদ্যোগে আয়োজিত ধান কাটা অনুষ্ঠানে জেলা কৃষক লীগের সভাপতি মোখলেছুর রহমান জিন্নাহ, উপজেলা কৃষক লীগের সভাপতি নুরুল ইসলাম শাহ্ ফকির, সাধারণ সম্পাদক প্রভাষক মতিউর রহমান মতিনসহ আওয়ামী লীগ, কৃষকলীগ, যুবলীগ-ছাত্রলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।