জামালপুর জেলার দেওয়ানগঞ্জে আব্দুল বাছির নামের এক ব্যবসায়ীর দোকানে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ সময় তার দোকানের ৩০ লাখ টাকার মালামাল চুরি হয়ে গেছে বলেও দাবি করা হয়।

শনিবার সকালে এ বিষয়ে এক সংবাদ সম্মেলন করেন আব্দুল বাছির। তিনি অভিযোগ করেন, স্থানীয় সাবেক চেয়ারম্যান মো: ফজলে রাব্বি জুয়েলের নেতৃত্বে ওই হামলা ও মালামাল লুট হয়। এ ব্যাপারে আদালতে মামলা হলে তাদের নানারকম হুমকি প্রদান করা হচ্ছে। শনিবার সংবাদ সম্মেলনের পরে বিকেলে জামালপুরের পুলিশ সুপার মো: নাসির উদ্দিন আহম্মেদ তারাটিয়া গমন করে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বিবাদমান উভয় পক্ষের সাথে কথা বলেন।

স্থানীয় সাবেক চেয়ারম্যান ফজলে রাব্বি জুয়েল ও ব্যবসায়ী আব্দুল বাছিরের মধ্যে একখণ্ড জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিবাদ চলে আসছে।

এ সময় উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শ্যামল চন্দ্র ধর, সাংবাদিকসহ অনেক এলাকাবাসী। পরে বিষয়টি নিরসনে আগামী ৬ মে দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি বৈঠকের সিদ্ধান্ত নিয়েছেন জেলা পুলিশ সুপার।