ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় আগুন লেগে তিন পরিবারের আটটি ঘরসহ মালামাল পুড়ে গেছে। এতে মোস্তাকিম নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার বিকেলে সদর উপজেলার রুহিয়া থানাধীন আখানগর ইউনিয়নের চতুরাখোর গ্রামে এ ঘটনা ঘটে।
মোস্তাকিম চতুরাখোর গ্রামে রতন আলী ছেলে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, মোস্তাকিমের মা বিকেলে রান্না করছিলেন। এ সময় একটি হেলিকপ্টার খুব নিচ দিয়ে ওই এলাকার আকাশে উড়ছিল। তা দেখতে স্থানীয়রা ভিড় করে। মোস্তাকিমের মা রান্নাঘরের জলন্ত চুলা ফেলে হেলিকপ্টার দেখতে। পরে চুলা থেকে আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। শিশু মোস্তাকিম তখন একটি ঘরে ঘুমন্ত অবস্থায় ছিল। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় শিশুটিকে বের করার সময় পায়নি পরিবারের সদস্যরা। ফলে ঘরের মধ্যেই পুড়ে মৃত্যু হয় শিশুটির। এছাড়াও আগুনে আটটি ঘর সম্পূর্ণ পুড়ে যায়।
আখানগর ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান রোমান বাদশা বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যাই। ক্ষতিগ্রস্তরা জানিয়েছে, তাদের তিন পরিবারের পাঁচ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে এবং তাদের তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির বাবা রতন আলী দিনমজুর।’
ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক সরোয়ার হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়। শিশুটির শরীরের ৯০ ভাগ পুড়ে গেছে।



