পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার প্রধান পাঁচটি প্রবেশপথে স্বাগত জানায় লাল কৃষ্ণচূড়া। শুধু প্রবেশপথই নয়, উপজেলার সড়ক ও জনপথের ৫০ কিলোমিটার রাস্তাসহ বিভিন্ন স্কুল, কলেজ, মাদরাসা ও সেতুর প্রান্তে প্রান্তে ফুটেছে রক্তিম কৃষ্ণচূড়া ফুল।
ইন্দুরকানী উপজেলার প্রবেশপথ উত্তরে পাড়েরহাট ইউনিয়নের টগড়া ফেরিঘাট ও চালনা সেতু, পশ্চিমে লাহুরী বাজার, দক্ষিণে পত্তাশী ইউনিয়নের বাগোলেরহাট, বালিপাড়া ইউনিয়নের পথেরহাট ও চণ্ডিপুর ইউনিয়নের কলারন ফেরিঘাট- উপজেলার এ পাঁচটি প্রধান প্রবেশপথ দিয়ে প্রবেশ করলেই চোখে পড়বে লাল কৃষ্ণচূড়া। কৃষ্ণচূড়ার মনোমুগ্ধকর দৃশ্য যে কাউকেই আকৃষ্ট করবে।
পিরোজপুর সড়ক ও জনপথ এবং স্থানীয় বনবিভাগ এসব কৃষ্ণচূড়া গাছ লাগিয়েছে। এছাড়াও ইন্দুরকানীর স্থানীয় সাংবাদিক আহাদুল ইসলামের ব্যক্তিগত উদ্যোগেও দুই শতাধিক কৃষ্ণচূড়া গাছ লাগিয়েছেন বলে জানিয়েছে স্থানীয়রা।



