সিরাজগঞ্জের রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। সোমবার (১ মে) বেলা ১১টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের ষোল মাইল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ছাত্রের নাম মাহিম (৯)। সে উপজেলার সেনগাতী গ্রামের আসলামের ছেলে এবং কোদলা দিগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, মাহিম সাইকেল নিয়ে মহাসড়ক পার হচ্ছিল। এ সময় ঢাকাগামী একটি সিমেন্টবোঝাই ট্রাক পেছন থেকে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সূত্রে আরো জানায়, এ ঘটনায় ট্রাকের চালক পালিয়ে যায়। তবে স্থানীয়রা ঘাতক ট্রাকটিকে আটক করতে সক্ষম হয়।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম বদরুল কবির জানান, নিহতের স্বজনের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। আর ঘাতক ট্রাকটি আটক রাখা হয়েছে।