অদম্য মেধাবী শারীরিক প্রতিবন্ধী রিয়াজ এবার এসএসসি পরীক্ষা দিচ্ছেন। মিঠাপুকুর শুকুরের হাট উচ্চ বিদ্যালয় থেকে মানবিক বিভাগ থেকে পরীক্ষা দিচ্ছেন তিনি।
রিয়াজ উপজেলার রানীপুকুর গ্রামের মরহুম রায়হান মিয়ার শারীরিক প্রতিবন্ধী ছেলে। তিনি দুই ভাই দুই বোনের মধ্যে সবার ছোট। তার জন্মের প্রায় দেড় মাস আগে পিতা রায়হান দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। এরপর সংসারের ভার পড়ে বিদুষী মায়ের উপর। তিনি অনেক কষ্টে এ চার সন্তানের লালন পালন করেন। সংসারের হাল ধরতে রিয়াজের মা অন্যের বাড়িতে কাজ করেন। বড় ভাই কাজ করেন দিনমজুর হিসেবে। এভাবেই চলছে রিয়াজদের সংসার।
ছোটবেলা থেকেই রিয়াজ তুখোড় মেধাবী। লেখাপড়ার প্রতি খুব যত্নশীল। তিনি মাঝে মধ্যে লেখাপড়ার জন্য বিদ্যালয়ে যান। মা, বড় ভাই ও প্রতিবেশীর সহায়তায় রিয়াজ এবার এসএসসি পরীক্ষায় অংশ নিতে পেরেছেন।
রানীপুকুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহিল কাফী জানান, ছাত্র হিসেবে রিয়াজ খুব ভালো। আশা করছি, সে এবারের পরীক্ষায় ভালো ফলাফল করবে।



