ঠাকুরগাঁও সদর উপজেলায় রুহিয়া থানাধীন সেনুয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের পাল্টাপাল্টি কমিটি ঘোষণাকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে।

জানা গেছে, সেনুয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের পাল্টাপাল্টি কমিটি ঘোষণা করেছেন রুহিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক বাশারুল ইসলাম সোহেল ও ১ নম্বর যুগ্ম আহ্বায়ক আনারুল ইসলাম।

এপ্রিলের ২৭ তারিখ আহ্বায়ক বাশারুল ইসলাম সোহেল ঘোষিত ইউনিয়ন কমিটিতে দীপ নারায়ণকে আহ্বায়ক, সবুজ রানা, কৃষ্ণ শর্মা, দিলীপ কুমারকে যুগ্ম আহ্বায়ক এবং খায়রুল ইসলাম, মাসুদ রানা, আমানুল্লাহ আমান, সামিউল ইসলাম ও উত্তম কুমারকে সদস্য করা হয়েছে। এই কমিটিতে আরো স্বাক্ষর করেন যুগ্ম আহ্বায়ক বাবুল আলী, ওমর আলী ও নাসিরুল ইসলাম।

এতে উল্লেখ করা হয়, সেনুয়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের স্থানীয় সংসদ ও কেন্দ্রীয় নেতাদের নির্দেশক্রমে আগামী তিন মাসের জন্য আংশিক আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়া হলো।

ওই কমিটি ঘোষণার তিন দিন পরই রুহিয়া থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক আনারুল ইসলাম স্বাক্ষরিত সেনুয়া ইউনিয়নের আরো একটি কমিটি ঘোষণা করা হয়েছে।

এতে মো: হাবিবুর রহমান সভাপতি, কৃষ্ণ শর্মা সাধারণ সম্পাদক ও খায়রুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি তিন বছরের জন্য অনুমোদন দেয়া হয়। কমিটিতে আরো স্বাক্ষর করেন যুগ্ম আহ্বায়ক আব্দুল রব ও সদস্য আনোয়ার হোসেন।

এ বিষয়ে রুহিয়া থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক বাশারুল ইসলাম সোহেল বলেন, আমি আহ্বায়ক ও অন্যান্য যুগ্ম আহ্বায়ক নিয়ে এই ইউনিয়নের কমিটি গঠন করেছি। যুগ্ম আহ্বায়ক আনারুল ইসলাম ব্যক্তি স্বার্থে কমিটি দিয়েছে।

রুহিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক আনারুল ইসলাম বলেন, কমিটি গঠন সাংগঠনিক প্রক্রিয়ায় হয়নি। দলের ত্যাগী কর্মীদের কমিটিতে মূল্যায়ন করা হয়নি। কিছু কুচক্রি মহল তাদের স্বার্থ হাসিল করতে অপচেষ্টা চালাচ্ছে।

ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল হুদা শাহ মো: অ্যাপোলো বলেন, অভ্যন্তরীণ কোন্দল দলের জন্য ক্ষতিকর। গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।