খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় সড়কের পাশে পড়ে থাকা অবস্থায় রাহুল কর্মকার (৩৩) নামে একজনের লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার (৩ মে) সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ জামতলী সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করে।

রাহুল কর্মকার উপজেলার সুধীর মেম্বারপাড়া গ্রামের মৃত তপন কর্মকারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোরে একজনের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে। নিহতের মাথায় পিঠে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

এ ব্যাপার নিহতের স্ত্রী রুপা কর্মকার জানান, ‘গতকাল রাত ৯টার দিকে ফোনে কথা হয়েছিল। সে বলেছে বাড়ি আসবে। পরে রাত ১২টা থেকে মোবাইলফোন বন্ধ ছিল।’

নিহতের ছোট ভাই জীবন কর্মকার জানান, ‘রাত ১২টায় বাড়ি না আসায় খোঁজ নিতে থাকি। সকালে রাস্তার পাশে লাশ পড়ে থাকার খবর পাই।’

তিনি আরো জানান, ‘আমার ভাইকে হত্যা করা হয়েছে।’

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে।