পাবনার ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের আবাসিক এলাকা থেকে রিয়াবোভা গুলনারা (৫১) নামের এক রাশিয়ান নারীর লাশ উদ্ধার করেছে ঈশ্বরদী থানা পুলিশ।
বৃহস্পতিবার (৪ মে) সকাল সাড়ে ১০টার দিকে গ্রিনসিটির একটি আবাসিক ভবন থেকে লাশটি উদ্ধার করা হয়। ওই নারী রূপপুর প্রকল্পে কর্মরত ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, রিয়াবোভা গুলনারা প্রতিদিনের মতো অফিসের ডিউটি শেষ করে বুধবার রাতে নিজ কক্ষে ঘুমাতে যান। এরপর আর কক্ষ থেকে বের হননি। সকালে সহকর্মীরা তাকে ডাকাডাকি করলে কোনো সাড়া শব্দ না পেয়ে থানায় খবর দেয়া হলে সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ গিয়ে দরজা ভেঙে লাশটি উদ্ধার করে।
ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশটি উদ্ধারের পর দুপুরে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।



