বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বশীলদের অবহেলায় প্রসবকালে মাথা বিচ্ছিন্ন হয়ে নবজাতকের মৃত্যুর অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন স্বজনরা। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রসবের সময় শিশুটির মৃত্যু হলে স্বাভাবিক মৃত্যু হয়েছে ধরে নিয়ে অভিভাবকরা লাশ বাড়ি নিয়ে যান। কিন্তু দাফনের সময় দেখতে পান নবজাতকের দেহ থেকে মাথা অনেকটা আলগা। বিষয়টি জানাজানি হলে গ্রামবাসী রাতে হাসপাতাল প্রাঙ্গণে জড়ো হয়ে বিক্ষোভ করেন এবং দায়িত্বশীলদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান।
জানা যায়, বিয়ানীবাজার উপজেলার বৈরাগী গড়রবন্দ এলাকার আইসক্রিম বিক্রেতা অহিদুর রহমান তার স্ত্রী প্রসূতি রহিমা বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বিকেলে প্রসব বেদনা ওঠায় প্রসূতি মাকে লেবার কক্ষে নিয়ে যাওয়া হয়। দায়িত্বশীল দুই নার্সের সাথে একজন চিকিৎসকের সহায়তায় মৃত নবজাতকের জন্ম হয়।
ডেলিভারির দায়িত্বে থাকা হাসপাতালের নার্স লাকী আক্তার ও সুজালা কস্তার বিরুদ্ধে টাকা দাবির অভিযোগ করেন ভুক্তভোগী স্বজনরা। নবজাতকের বাবা অহিদুর রহমান বলেন, প্রসবের জন্য নার্সরা (লাকী ও সুজালা) পাঁচ হাজার টাকা দাবি করেন। আমরা নিরুপায় হয়ে তাদেরকে শেষ পর্যন্ত দুই হাজার টাকায় রাজি করাই। কিন্তু সন্ধ্যা বেলা তারা জানান, বাচ্চা বড় হওয়ায় স্বাভাবিক প্রসব হচ্ছে না। তবে সন্ধ্যার পর বাচ্চা প্রসব হলেও সে মারা গেছে জানিয়ে একটি কাপড় দিয়ে পেঁচিয়ে লাশ আমাদের হাতে তুলে দেয়া হয়। তিনি জানান, স্ত্রী হাসপাতালে রেখে নবজাতকের লাশ দাফন করার সময় দেখা যায় তার মাথা ঘাড় থেকে আলাদা।
এলাকাবাসী জানান, এমন মর্মান্তিক একটি খবর গ্রামের একটি হোয়াটস অ্যাপ গ্রুপে দেখে তারা জড়ো হয়ে হাসপাতালে এসে দায়িত্বশীলদের কাছে এর কারণ জানতে চান এবং এ ঘটনার সুুষ্ঠু বিচার দাবি করেন। সুষ্ঠু বিচারের দাবিতে তারা হাসপাতাল প্রাঙ্গণে অবস্থান নেন শুক্রবার ভোর পর্যন্ত। খবর পেয়ে বিয়ানীবাজার থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শাহরিয়ার হোসেন শুভ জানান, অবহেলার অভিযোগ পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
বিয়ানীবাজারে প্রসবকালে মাথা বিচ্ছিন্ন হয়ে নবজাতকের মৃত্যু!
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বশীলদের অবহেলায় প্রসবকালে মাথা বিচ্ছিন্ন হয়ে নবজাতকের মৃত্যুর অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন স্বজনরা। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রসবের সময় শিশুটির মৃত্যু হলে...



