কক্সবাজারের পেকুয়া উপজেলায় ১৩টি বসতবাড়ি ও একটি দোকানঘর আগুনে পুড়ে গেছে। এ অগ্নিকাণ্ডে রোকেয়া বেগম নামে এক নারী পুড়ে আহত হয়েছেন। তিনি একই এলাকার আকতার হোসেনের স্ত্রী। তাকে পেকুয়া সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার রাত আড়াইটার দিকে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম বাইম্যাখালী এলাকায় এ ঘটনা ঘটে। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত আনুমানিক আড়াইটার দিকে সোহেলের কুলিং কর্নার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে চার দিকে ছড়িয়ে পড়ে। এ সময় কাপড় ব্যবসায়ী আকতার হোসেন, সবজি ব্যবসায়ী কামাল হোসেন, ব্যবসায়ী সমিতির সভাপতি বাদশাহ, কাপড় ব্যবসায়ী জুনাইদসহ ১৩টি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
পেকুয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা শোয়াইব হোসেন মুন্সি বলেন, রাত ৩টায় ৯৯৯-এর মাধ্যমে জানতে পেরে বাইম্যাখালী ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। পুড়ে যাওয় ঘরগুলো গাছ-বাঁশ দিয়ে তৈরি করা হয়েছিল।
সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্বিতা চাকমা ঘটনাস্থল পরিদর্শন করে তিনি বলেন, প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনো খাবার ও কাপড় বিতরণ করা হয়েছে। তাদের পর্যাপ্ত সহযোগিতার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একটি প্রতিবেদন পাঠিয়েছি।