সিলেটের গোলাপগঞ্জে ভারতীয় চিনিসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় অপর আরো এক আসামি পালিয়ে যায় বলে থানা সূত্রে জানা গেছে।

শনিবার (৬ মে) গভীর রাতে উপজেলার ফুলবাড়ি ইউপির বরায়া উত্তরভাগ এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন গাইবান্দা জেলার সর থানার কামাল গ্রামের মো: রবিন হোসেনের ছেলে মো: আল আমিন হোসেন। একই জেলার সাঘাটা থানার ঝাড়াবর্ষা গ্রামের মো: মোনতাজ আকন্দের ছেলে মো: হাসিবুর রহমান স্বপন ও পলাতক আসামি পাবনা জেলার সুজানগর থানার আব্দুল হালিমের ছেলে মো: নাইমুল ইসলাম। তাদের বিরুদ্ধে গোলাপগঞ্জ মডেল থানায় মামলা করা হয়।

জানা যায়, গোলাপগঞ্জ মডেল থানার সাব ইন্সপেক্টার আহমদ হোসেন ও সাব ইন্সপেক্টার প্রণয় লাল সঙ্গীয় ফোর্স নিয়ে চেকপোষ্ট ডিউটি পরিচালনা করেন। এ সময় একটি কাভার্ডভ্যান করে দেশীয় চিনির পেকেটে করে ভারতীয় ২৫০ বস্তা চিনি বহন করে নিয়ে যাচ্ছিল তারা। ভারতীয় চিনি দেখতে পেয়ে পুলিশ তাদেরকে বহন করা বৈধ কাগজপত্র আছে কিনা জিজ্ঞাসাবাদ করলে তারা কোনো সঠিক তথ্য দিতে পারেনি বলে তাদেরকে পুলিশ আটক করে। তাৎক্ষণিক তাদের সাথের অপর আসামি মো: নাইমুল ইসলাম পালিয়ে যায়।

আটক হওয়া মো: আল আমিন হোসেন ও মো: হাসিবুর রহমান স্বপনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তাদের বিরুদ্ধে গোলাপগঞ্জ মডেল থানায় মামলা হয়েছে।

ভারতীয় চিনিসহ ওই দুই ব্যক্তি আটকের বিষয় নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রফিকুল ইসলাম।