দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে বোরো ধান ও চাল সংগ্রহ উদ্বোধন করা হয়েছে।
রোববার সকাল ১১টায় ফুলবাড়ী (এলএসডি) খাদ্য গুদামে এর উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জাফর আরিফ চৌধুরী।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে উপজেলার দু’টি এলএসডি গুদামে বোরো ধান ৩০ টাকা কেজি দরে এক হাজার ২০২ টন এবং সিদ্ধ চাল প্রতি কেজি ৪৪ টাকা দরে নয় হাজার ২২২ টন সংগ্রহ করা হবে। ৭ মে সংগ্রহ কার্যক্রম শুরু হয়ে শেষ হবে ৩১ আগস্ট। উপজেলার এমবি হাসকিং মিল ১৪ টন চাল এবং উপজেলার শিবনগর ইউনিয়নের দাদপুর গ্রামের কৃষক দিপেন চন্দ্র ও পৌরসভার স্বজন পুকুর এলাকার অলিমুদ্দিনের থেকে এক টন করে ধান সংগ্রহের মাধ্যমে বোরো ধান ও চাল সংগ্রহ উদ্বোধন করা হয়।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: আতাউর রহমান মিল্টন, উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, জেলা পরিষদ সদস্য শফিকুল ইসলাম বাবু, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উপাধ্যক্ষ শাহ মো: আব্দুল কুদ্দুস, ব্যবসায়ী রুহুল আমীন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো: মঈন উদ্দিন, প্রাণ ফুলবাড়ী ফ্যাক্টারির জেনারেল ম্যানেজার জাকারিয়া হোসাইন, ফুলবাড়ী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি এলএসডি) মাহমুদ মো: ইমরান প্রমুখ।



