ফরিদপুরের সালথায় মো: মজির মোল্লা (৬২) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যায় উপজেলার গট্টি ইউনিয়নের জুগিডাঙ্গা লক্ষ্মনদিয়া গ্রামে নিজ বাড়ির কাচারি ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
মজিবর মোল্লা ওই গ্রামের মরহুম জালাল উদ্দীনের ছেলে। তার তিন ছেলে ও দুই মেয়ের রয়েছে।
গট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান লাবলু বলেন, ‘তার পরিবার দাবি করছে যে সকালে স্ত্রী আলেয়া বেগমের সাথে ঝগড়া করে বিকেলে বাড়ির কাচারি ঘরের আড়ার সাথে গলায় রশি পেঁচিয়ে ঝুলে পড়েন তিনি এবং ঘরের আড়া থেকে দ্রুত নামিয়ে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় তার। তবে ধারণা করা হচ্ছে, কাচারি ঘরেই তার মৃত্যু হয়। খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ।’
তিনি আরো জানান, মজিবরের ছেলে-মেয়েরা বিয়ে করে যার যার মতো আলাদা সংসার করছে। তবে এটা হত্যা না আত্মহত্যা তা নিয়ে নিয়ে গুঞ্জন রয়েছে। বিষয়টি পুলিশ তদন্ত করে বের করবে।
স্থানীয়রা দাবি করছে, দুই ছেলের সাথে তার বিরোধ চলছিল।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শেখ সাদিক বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের রিপোর্টের পর বুঝা যাবে যে এটা হত্যা না আত্মহত্যা। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



