সিরাজগঞ্জের রায়গঞ্জে শৃঙ্খলা ভঙ্গের দায়ে অভিযুক্ত, আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত নয় এমন পরিবারের সন্তানদের নিয়ে উপজেলা ছাত্রলীগের কমিটি গঠনের পাঁয়তারা চলছে বলে অভিযোগ উঠেছে। এই অভিযোগে সোমবার রায়গঞ্জ প্রেস ক্লাব চত্বরে এক সংবাদ সম্মেলন অনষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে উপজেলা ছাত্রলীগের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ধানগড়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাসিম সরকার। সম্মেলনে ছাত্রলীগের অভিভাবক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকের হস্তক্ষেপ কামনা করা হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, ২০১৯ সালে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ার কারণে উপজেলা ছাত্রলীগের সভাপতি গোলাম হোসেন শোভন সরকারকে বহিষ্কার করা হয়। ওই সময়ে পূর্ণাঙ্গ কমিটি না থাকায় মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করা হয়। উপজেলা আওয়ামী লীগের নেতারা বার বার জেলা ছাত্রলীগকে তাগিদ দিলেও গত ৩৯ মাস উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন হয়নি। সম্মেলনে ত্যাগী, পরীক্ষিত ও শহীদ পরিবারকে মূল্যায়ন করে রায়গঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি গঠনের দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ছাত্রনেতা আবুল কালাম আজাদ, ফয়সাল আহম্মেদ ফরহাদ, সাব্বীর আহম্মেদ স্বাধীন, রাসেদ রায়হান জয়সহ উপজেলা, ইউনিয়ন, পৌর ও কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।