ঝিনাইদহের কালীগঞ্জ শহরের আল্লার দান ইলেকট্রনিক্সে আগুনে পুড়ে ছাই হয়েছে। এ ঘটনায় কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ড. শেখ মামুনুর রশিদ আহত হয়েছেন।
মঙ্গলবার (৯ মে) সকাল সাড়ে ৯টার সময় কালীগঞ্জ থানা সংলগ্ন আল্লার দান ইলেকট্রনিক্সে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ও স্থানীয়রা প্রায় দেড় ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে আল্লার দান ইলেকট্রনিক্সে আগুন দেখে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। মুহুর্তেই আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। তিনতলা ভবনের অন্য দু’তলায় গোডাউন ও পরিবার নিয়ে বসবাস করতেন দোকান মালিক। তারা নিরাপদে আশ্রয় নেন। একে একে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের জন্য ঘটনাস্থলে আসে। এরপর স্থানীয়দের সহযোগীতায় প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আল্লার দান ইকট্রনিক্সের পাশের দোকান মোল্লা ট্রেডার্সও আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।
দোকানের মালিক মাসুদুর রহমান জানান, দোকানের উপরেই তার বাসা। সকালে গোসল করে ভিজা কাপড় নাড়তে এসে দোকানের সামনে ধোয়া উড়া দেখতে পান । এ সময় নিচে এসে দেখেন তার দোকানে আগুন ধরেছে। এরপর ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আগুন নেভানোর কাজ শুরু করে। মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। দোকানের সব পণ্য পুড়ে ছাই হয়ে গেছে। এতে তার আনুমানিক এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছেন।
কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে আসেন। ফায়ার সার্ভিসের কর্মীদের পাশাপাশি ব্যবসায়ী নেতা ও সাধারণ মানুষ অক্লান্ত পরিশ্রম করেছে। প্রথমে পানির সংকটে আগুন নিয়ন্ত্রণে আনতে সম্ভব হয়নি। এরপর ঝিনাইদহ থেকে ফায়ার সার্ভিসের আরো দু’টি ইউনিট এলে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়।
ঝিনাইদহ ফায়ার সার্ভিস ও ডিফেন্স সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুস সালাম জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করেছে। প্রায় দেড় ঘণ্টার বেশি সময় লেগেছে আগুন নিয়ন্ত্রণে আনতে। এতে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ড. শেখ মামুনুর রশিদ আহত হয়েছেন। তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।



