বরিশালের বানারীপাড়ায় জাটকা ও রেণুপোনাসহ বিভিন্ন দেশীয় প্রজাতির মাছ রক্ষায় সন্ধ্যা নদী ও শাখা খালে অব্যাহত অভিযান চালিয়ে যাচ্ছে উপজেলা মৎস্য অধিদফতর।
বুধবার (১০ মে) বানারীপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো: নাসির উদ্দিনের নেতৃত্বে দিনব্যাপী অভিযান চালিয়ে আটটি নিষিদ্ধ চরঘেরা ও একটি ভেসাল জাল জব্দ করা হয়।
পরে উপজেলা পরিষদ চত্বরে জব্দ করা ওই নিষিদ্ধ জালগুলো পুড়িয়ে বিনষ্ট করে ফেলা দেয়া হয়। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় কর্মকর্তা মো: নাসির উদ্দিনের উপস্থিতিতে ফেরী ঘাটে অভিযান চালিয়ে বিক্রির প্রস্ততিকালে ২০ কেজি ইলিশের পোনাসহ বন্দর বাজারের মাছ ব্যবসায়ী মো: ফরিদকে আটক করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতিমা আজরিন তন্বী মোবাইল কোর্টে মৎস্য আইনে অসাধু মাছ ব্যাবসায়ী ফরিদের কাছ থেকে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করেন। জব্দ করা ইলিশ মাছ স্থানীয় দু’টি এতিমখানায় বিতরণ করা হয়।
৮ মে সন্ধ্যা নদী ও শাখা খালে মোবাইল কোর্ট পরিচালনা করে ২৫টি চরঘেরা ও দু’টি চায়না দুয়ারী জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়। যার মূল্য অর্ধলাখের অধিক।
অভিযান পরিচালনাকারী উপজেলা মৎস্য কর্মকর্তা মো: নাসির উদ্দিন জাতীয় সম্পদ ইলিশ রক্ষা করতে জাটকা নিধন না করে ইলিশকে বেড়ে ওঠার সুযোগ করে দিতে সবার সহযোগিতা কামনা করেন। জাটকা ও রেণুপোনাসহ ভিবিন্ন দেশীয় প্রজাতির মাছ রক্ষায় এ অভিযান অব্যাহত রাখবেন বলেও জানান তিনি।



